সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড ও স্টিকার সংগ্রহ শুরু
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন পর্যবেক্ষকদের জন্য পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের নির্দেশনা প্রদান করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। নির্বাচন কমিশনের (ইসি) ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক নীতিমালা-২০২৫’ অনুযায়ী এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা ও স্থান
আগ্রহী সংবাদকর্মীদের আগামী বৃহস্পতিবার [০৫-০২-২৬] তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে জেলা রিটার্নিং অফিসার অথবা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্রের সাথে নিম্নোক্ত তথ্যাদি ও দলিলাদি সংযুক্ত করতে হবে:
সংশ্লিষ্ট গণমাধ্যমের নিজস্ব প্যাডে নিউজ এডিটর/বার্তা প্রধান/ব্যুরো প্রধানের স্বাক্ষরিত আবেদনপত্র।
নির্ধারিত ফর্মে সাংবাদিক বা পর্যবেক্ষকের ব্যক্তিগত তথ্য।
জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয়পত্র বা পিআইডি (PID) কার্ডের কপি।
সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ও ১ কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।
গাড়ির স্টিকারের ক্ষেত্রে: গাড়ির বৈধ রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদের কপি এবং চালকের ড্রাইভিং লাইসেন্সের কপি।
নীতিমালা ও পালনীয় নির্দেশনাবলী
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে যৌক্তিক সংখ্যক সাংবাদিক ও পর্যবেক্ষককে কার্ড ও স্টিকার প্রদান করা হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ রয়েছে: ১. সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে সংবাদ সংগ্রহ করতে পারবেন। ২. ভোটকক্ষের (গোপন কক্ষ) ভেতর কোনো ছবি তোলা বা ভিডিও ধারণ করা যাবে না। ৩. ভোটকেন্দ্রের ভেতর থেকে ফেসবুক লাইভ বা সরাসরি সম্প্রচার করা নিষিদ্ধ; তবে কেন্দ্র চত্বর থেকে নিরাপদ দূরত্বে থেকে লাইভ করা যাবে। ৪. নির্বাচনী দায়িত্ব পালনের সময় গলায় পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য ও ফর্মের জন্য জেলা নির্বাচন অফিসের তথ্যকেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
মোবাইলঃ01740453802