চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর (গোপালগঞ্জ):
চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করেছে গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাব। শুক্রবার (৩১ জুলাই) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল প্রেসক্লাব প্রাঙ্গণ। আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি।
মুকসুদপুরের ফরিদ মিয়া কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এ. কে. এম. সোহরাব-উন-নূর (মো. ছিরু মিয়া)। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB)-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় প্রেসক্লাব ঢাকার আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র অনুদান বোর্ডের সদস্য সাবরীনা বিনতে আহমেদ শুভ্রা। প্রধান আলোচক ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হানা ইসলাম শোভন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল-মামুন, মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ আহমেদ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু, সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহাবুব হাসান বাবর, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।
এ ছাড়া বক্তব্য দেন সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে.) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব মো. কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক মিন্টু হক, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে মুকসুদপুর প্রেসক্লাব বস্তুনিষ্ঠ, সাহসী ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে। উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশা গণমাধ্যমে তুলে ধরে সংগঠনটির সাংবাদিকরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
প্রধান অতিথি সাবরীনা বিনতে আহমেদ শুভ্রা বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র ও সুশাসনের অন্যতম ভিত্তি। মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। তিনি সত্য, ন্যায় ও পেশাগত নৈতিকতার প্রতি অটল থেকে সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের অন্যতম অংশীদার গণমাধ্যম। মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসন ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করেছেন। ভবিষ্যতেও জনস্বার্থে তাদের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হানা ইসলাম শোভন বলেন, জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। ভবিষ্যতেও তারা একই নিষ্ঠায় জনকল্যাণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, চাকরি জীবনে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন এবং তিনটি থানায় অফিসার ইনচার্জ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতো চৌকস, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন খুব কমই দেখেছেন। তিনি প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মানবজমিনের উপজেলা প্রতিনিধি মাহাবুব হাসান বাবর বলেন, “মুকসুদপুর প্রেসক্লাবের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। সাংবাদিকতায় আমার হাতেখড়ি এই প্রতিষ্ঠান থেকেই। এখানকার সাংবাদিকরা অত্যন্ত মেধাবী, দায়িত্বশীল ও পেশাদার।”
সভাপতির বক্তব্যে এ. কে. এম. সোহরাব-উন-নূর (মো. ছিরু মিয়া) বলেন, চার দশকের পথচলায় মুকসুদপুর প্রেসক্লাব সবসময় সত্য, বস্তুনিষ্ঠতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার মাধ্যমে ভবিষ্যতেও জনগণের আস্থা ধরে রাখতে প্রেসক্লাব নিরলসভাবে কাজ করবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সাবরীনা বিনতে আহমেদ শুভ্রাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের কার্যকরী সদস্য সুমাইয়া নূর প্রভা ও জান্নাতুল ফেরদৌস পাপড়ী।
আলোচনা সভা শেষে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে প্রধান অতিথি ও প্রধান আলোচকের হাতে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সদস্য ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।