দলীয় সিদ্ধান্তে বিএনপির একাধিক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
বগুড়া জেলা সংবাদাতা
মোঃ সাব্বির হোসেন
০৮ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে বহিষ্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একাধিক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাকর্মীদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ পূর্বের সকল পদ পুনর্বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতাকর্মীরা
প্রথম দফায় বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ফুলবাড়িয়া পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও কালুখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি জাহানারা বেগম, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজ খাতুনসহ আরও অনেকে।
এছাড়াও মৌলভীবাজার জেলা ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আব্দুল হাকিম, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহতেশামুল আজিম, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুল হায়দার রুমি, সিরাজগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিনসহ একাধিক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
অন্যান্য সিদ্ধান্ত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বকশের পদ স্থগিত করা হলেও, পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির কর্মী সৈয়দ রমিজ উদ্দিনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও, আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধেও জারি করা অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে আরও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।