ওসমানীনগরে তাজপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ধানের শীষে ভোট দিয়ে হারানো উন্নয়নের ধারা ফিরিয়ে আনার আহ্বান লুনার
হাবিবুর রহমা বাবুল
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
পরিবারভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপরিকল্পিত রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ জানুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝুনু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে দলের উন্নয়ন দর্শনের মূল ভিত্তি।
তিনি বলেন, সমাজে নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও কৃষি উৎপাদন বাড়াতে কৃষি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো সম্পূর্ণভাবে সচল ও কার্যকর করা হবে।
ধর্মীয় খাতের অবদানের কথা উল্লেখ করে লুনা বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ জনশক্তি উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।
উপজেলার বেহাল যোগাযোগ ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, একসময় নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছিল, যা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। হারানো সেই উন্নয়নের ধারাকে পুনরুদ্ধার করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
২৭/০১/২০২৬ ইং