বড়াইগ্রামে গণসংযোগে মাওলানা আব্দুল হাকিমের ভোট প্রার্থনা ও উন্নয়নের অঙ্গীকার
নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বড়াইগ্রামের জোনাইল বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন নির্বাচনে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে জোনাইল বাজারে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন, নির্বাচিত হলে জোনাইল বাজার সংলগ্ন পুরাতন ব্রিজটি নতুনভাবে নির্মাণ করা হবে। পাশাপাশি তিনি ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি ইনস্টিটিউট স্থাপনসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি ইসলামী মূল্যবোধ রক্ষা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা এবং সকল ধর্মের মানুষের প্রতি সহনশীলতা ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী মোঃ আব্দুল আজিজসহ সকল প্রার্থীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, ৩নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মাহাবুবুল আলম, নায়েবে আমীর মাওলানা মোঃ আতাউর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হাসান নয়নসহ অন্যান্য নেতাকর্মীরা।