আলীকদমে পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, উপস্থিত প্রায় সাড়ে ৪০০ সদস্য।
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:
বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের নয়াপাড়া রূপমুহুরী রিসোর্ট হলরুম প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান জনাব আবু মং মার্মা এবং সঞ্চালনা করেন জনাব অঙ্গ্যই মার্মা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জনাব ইসতিয়াক উদ্দিন রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব্ বান্দরবান পার্বত্য জেলা’র জেলা ব্যবস্থাপক জনাব সমীরণ কান্তি দাশ এবং কালব্ আলীকদম উপজেলার উপজেলা ব্যবস্থাপক জনাব বানুপতি দাশ।
সভায় সমিতির প্রায় ৪০০ থেকে ৪৫০ জন নারী ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতে সদস্যদের স্বাক্ষর গ্রহণ, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম পরিচালিত হয়।
পরবর্তীতে বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান কমিটি, পর্যবেক্ষণ কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন অনুমোদন করা হয়।
এছাড়া ২০২৪–২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, লভ্যাংশ বণ্টনের প্রস্তাব অনুমোদন, ২০২৩–২০২৪ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটও সভায় অনুমোদন দেওয়া হয়।
সূত্রে জানা যায়, আলীকদম পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ২০১৪ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয়। শুরুতে প্রায় ৩০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বর্তমানে ক্রমেই সম্প্রসারিত হয়ে প্রায় ৭৮৮ জন সদস্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
সভা শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে ভবিষ্যৎ পরিকল্পনা ও সমবায় কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করা হয়।