সদর থানার পৃথক অভিযানে ১৪৪পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের পৃথক অভিযানে মোট ১৪৪পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে থানার টহল অফিসারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে ভাওরাইদ উত্তরপাড়া কলোনী এলাকা থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৩০০ টাকা এবং একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ লাল মিয়া (২৮), পিতা- মোতালেব মিয়া, মাতা- ওমেলা খাতুন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই দিনে সদর থানাধীন ছোট দেওড়া খাসিয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জামান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামানের পিতা চাঁন মিয়া এবং মাতা তমিজ খাতুন। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার সামন্তপুর মধ্যপাড়া (বড় মসজিদের দক্ষিণ পাশে) এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উভয় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।