বান্দরবানের আলীকদমে ডা. ইউছুফ আলীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক প্রতিবেদন’-এর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবানের আলীকদম উপজেলায় ডা. ইউছুফ আলীর বিরুদ্ধে প্রকাশিত একটি ‘ষড়যন্ত্রমূলক’ প্রতিবেদনের প্রতিবাদে নিন্দা, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত আলীকদম বাজারস্থ আলীকদম প্রেসক্লাবের সামনে উপজেলা জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে নওমুসলিম সাইফুল ইসলাম ত্রিপুরার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন নওমুসলিম আবদুল্লাহ মুরং।
সমাবেশে বক্তব্য রাখেন নওমুসলিম ইব্রাহিম ত্রিপুরা, আব্দুস সালাম ত্রিপুরা, মাসুম ত্রিপুরা, ইছহাক ত্রিপুরা, আবদুল্লাহ ম্রো এবং ১০ কিলো মসজিদের পেশ ইমাম ইব্রাহিম ম্রোসহ আরও অনেকে।
বক্তারা বলেন, তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এ বিষয়ে কোনো ধরনের জবরদস্তি বা প্রলোভনের ঘটনা ঘটেনি। তারা অভিযোগ করেন, ডা. ইউছুফ আলী দীর্ঘদিন ধরে এলাকায় সেবামূলক কাজ ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসছেন।
তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন—
“পাহাড়ে শান্তি চাই,
মিথ্যা নিউজ বন্ধ চাই,
পাহাড়ি-বাঙালি ভাই ভাই,
ধর্ম নিয়ে জবরদস্তি নাই।
এ সময় রেংরুং ম্রো বলেন, তিনি নিজ ইচ্ছায় ও পরিবারের সম্মতিতে ডা. ইউছুফ আলীর কাছে পড়াশোনা করতে গিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ধর্মান্তরের ঘটনায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেলেও মুসলিম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।
সমাবেশে উপস্থিত নওমুসলিমরা এ ধরনের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানান।
এ কর্মসূচিতে স্থানীয় নওমুসলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।