শিরোনাম: বরংগাইল পাওয়ার স্টেশনে ডাকাতির ঘটনায় আরও ৪ ডাকাত গ্রেপ্তার।
শিবালয় প্রতিনিধি: মোঃ সুমন মিয়া
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল পাওয়ার স্টেশনে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজার এলাকার পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বরংগাইল পাওয়ার স্টেশনে ডাকাতির ঘটনায় জড়িত চক্রের সদস্যরা ঘটনার পর বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থানার জৈনা বাজার সংলগ্ন এলাকা থেকে ৪ জন ডাকাতকে আটক করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনায় আগে গ্রেপ্তারকৃতদের সাথে নতুন করে ধরা পড়া ৪ জনকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।