পলাশবাড়ীতে বাস–ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত, আহত অন্তত ১২
গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী।
বৃহস্পতিবার (আজ) সকালে পলাশবাড়ী উপজেলার ০৫ নম্বর মহদীপুর ইউনিয়নের গড়েয়া ব্রিজের সামনে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং ঢাকা মেট্রো-ব-১২১৬৩৬) ওভারটেকিংয়ের সময় গাইবান্ধাগামী ক্রাউন সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। নিহতরা হলেন— বাসের হেলপার মূসা আকন্দ (২৫), পিতা মোঃ গণি আকন্দ, সাং কাজীবাড়ি সন্তোলা, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা এবং বাসযাত্রী জামিল হোসেন (২০), পিতা মোঃ হারুন মিয়া, সাং ধনাশলা, থানা পীরগঞ্জ, জেলা রংপুর।
আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।