গোবিন্দগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা–রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া এলাকার সিদ্দিকুর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।