ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ কয়েকজন প্রথমে দৈনিক প্রথম আলো ভবনে এবং পরে পাশের ডেইলি স্টার ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকস্মিক এই আগুনে ভবনের ভেতরে থাকা সংবাদকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। ডেইলি স্টার ভবনের ভেতরে একাধিক সাংবাদিক আটকা পড়েন বলে জানা গেছে।
এ অবস্থায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারে কাজ শুরু করে।
ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, “আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।” তার এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনার পর কারওয়ান বাজার এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি