স্কলার্স পাবলিক স্কুলে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু
মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা এবং স্কলার্স পাবলিক স্কুল-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতার আওতায় এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিক বেতনসহ অন্যান্য সব ধরনের ফি জনতা ব্যাংকের ডিজিটাল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নিরাপদ, সহজ ও দ্রুত পরিশোধ করা যাবে। ফলে অভিভাবকদের ব্যাংক বা বিদ্যালয়ে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। একই সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ এস্কেন্দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মোঃ এনামুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন স্কলার্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফেন মুক্তা, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, কার্যকরী সদস্য নূর আলম শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা ও ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করতে জনতা ব্যাংক পিএলসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব হিসেবে উল্লেখ করেন এবং এর সফল বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা খাতে ডিজিটাল সেবার আরও বিস্তার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।