সদর থানার বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর সদর থানার বিশেষ অভিযানে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সারাদেশব্যাপী মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ মে ২০২৬ তারিখে ধীরাশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে প্রায় ৯,০০,০০০ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ নয়ন খান (৩৩)। তিনি কাপাসিয়া উপজেলার পাপলা চামুরী চানপুর এলাকার বাসিন্দা। বর্তমানে গাছা থানার গুতিয়ারা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে জিএমপি’র অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।