শিরোনাম:
৯৯৯–এ ফোন, এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া মিনিট্রাক উদ্ধার; দুই চোর গ্রেপ্তার করল জয়দেবপুর থানা পুলিশ
সংবাদ:
নিজস্ব প্রতিবেদক, মোঃ ফরিদ হোসেন গাজীপুর
জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে মাত্র এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া একটি মিনিট্রাক উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ ঘটনায় দুইজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে এক নারী ‘৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার ঢাকা মেট্রো-ন-১২-২৮৪২ নম্বরের একটি মিনিট্রাক চুরি হয়ে গেছে। গাড়িটিতে সংযুক্ত জিপিএস ট্র্যাকার–এর মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন যে, মিনিট্রাকটি গাজীপুরের শফিপুর এলাকায় চলমান রয়েছে।
ফোনকলে তিনি আরও জানান, ব্যাংক লোনের মাধ্যমে গাড়িটি কিনে মাসিক কিস্তি পরিশোধ করে বাকি অর্থ দিয়ে সংসার পরিচালনা করেন। এমতাবস্থায় দ্রুত গাড়িটি উদ্ধারের জন্য তিনি ৯৯৯–এর সহায়তা কামনা করেন।
কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জাহিদ হাসান ফয়সাল এবং উদ্ধার কার্যক্রমের সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই শরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে বিষয়টি গাজীপুর জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করা হয়।
৯৯৯ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি টহল দল ভোর সাড়ে ৬টার দিকে শফিপুর ফ্লাইওভারের ওপর ব্যারিকেড দিয়ে মিনিট্রাকটি থামিয়ে উদ্ধার করে। এ সময় মিনিট্রাক থেকে দুইজন চোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ জুবায়ের হোসেন (১৮), পিতা ইস্রাফিল, কিশোরগঞ্জ জেলার নাংদোলা এলাকার বাসিন্দা
২) মোঃ রাজীব (২২), পিতা মোঃ লিটন, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা
উদ্ধারকৃত মিনিট্রাকের মালিক নারীকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে গাড়িটি তার কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
জয়দেবপুর থানার টহলদলের নেতৃত্বে থাকা এসআই মুক্তার হোসেন ৯৯৯–কে উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন