শিরোনাম: গাজীপুর সদর মেট্রো থানায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশের অভিযানে ৬ জন আটক
সংবাদ | মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর সদর মেট্রো থানা এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রবিন সরদারের নেতৃত্বে আয়োজিত এ মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রচারিত হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশের নজরে আসে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই কায়সার ও এসআই কাজল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা তাৎক্ষণিক ও কঠোর অবস্থান নিয়েছে। এ ধরনের বেআইনি মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানান।