শিববাড়ী মোড়ে ৪৮ কেজি গাঁজাসহ পিকআপ ট্রাক জব্দ, পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ একটি নীল রঙের পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে।
এ সময় মোঃ সোহেল মিয়া (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সদর থানাধীন শিববাড়ী মোড় এলাকার সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, একই দিন রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে সদর থানার একটি অভিযানিক টিম পশ্চিম জয়দেবপুর
এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শিববাড়ী মোড়
এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের সন্দেহ হলে একটি নীল রঙের পিকআপ ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বডির
নিচে বিশেষ কৌশলে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি করে ২৪টি প্যাকেটে
মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দেশের বিভিন্ন
এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে উক্ত পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে
গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত মোঃ সোহেল মিয়া (৩২), পিতা—মৃত খালেক মিয়া, মাতা—মোছাঃ লাইলী বেগম। তার স্থায়ী ঠিকানা—পশ্চিম দত্তপাড়া, থানা—নরসিংদী সদর, জেলা—নরসিংদী।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার চার্জশিট রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা,
কিশোরগঞ্জের ভৈরব থানা এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাগুলো উল্লেখযোগ্য।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ কর্মকর্তারা জানান, গাজীপুর মহানগরকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে