শিবপুরে ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৬টি গরু ও একটি পিকআপ
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর থানার এলাকায় সংঘটিত গরু ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে ৩৬টি গরু ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মে দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে শিবপুর থানা এলাকায় ডাকাতরা একটি পিকআপ গাড়িতে করে ৩৬টি গরু নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) নাছির আল রেজা। অভিযানে ৪টি টিম অংশ নেয়। পরে বাসন থানার দেওড়া এলাকায় অভিযান চালিয়ে ২ জন ডাকাতকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ৩৬টি গরু ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। লাল মিয়া (৩৬), সাং-রাজাপুর, থানা-সাভার, জেলা-ঢাকা।
২। মোর্শেদ আলী (৩৮), সাং-রাজাপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।