মুকসুদপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো: রাজু মিয়া / গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। বুধবার (৭ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাৎ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা মাধ্যমিক হিসাব রক্ষক কর্মকর্তা মো. জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মুকসুদপুর উপজেলার ৪১টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি এমপিওভুক্ত দাখিল মাদ্রাসাসহ মোট ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চায় মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীরা গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদক থেকে দূরে থাকে। ক্রীড়াক্ষেত্রে অবদান রেখে বিশ্বমঞ্চে দেশের সম্মান উজ্জ্বল করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।