মুকসুদপুরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
গোপালগঞ্জে মুকসুদপুরে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশি কবির। তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন অপরিহার্য। তরুণদের মধ্যে গবেষণামুখী দৃষ্টিভঙ্গি তৈরি এবং নতুন ধারণা বাস্তবায়নের আগ্রহ জাগাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দীন আহম্মেদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরাও।
বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থাপন করে। বাস্তব সমস্যার সমাধানভিত্তিক বিভিন্ন মডেল, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহারভিত্তিক প্রদর্শনী দর্শনার্থীদের আকর্ষণ করে।
এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তোলা এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।