বাইকে ধাক্কা নিয়ে তর্ক, ঘুষিতে প্রাণ গেল প্রাইভেটকার চালক আইনজীবীর
সংবাদ: MD Forid Hossen
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের ধাক্কাকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে ঘুষিতে গুরুতর আহত হয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
নিহত আইনজীবীর নাম নাঈম কিবরিয়া (৩৫)। তিনি পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়ার ছেলে।
ঘটনাটি ঘটে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায়। পুলিশ জানায়, একটি মোটরসাইকেল প্রাইভেটকারে ধাক্কা দিলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা আরোহীরা প্রাইভেটকার চালক আইনজীবী নাঈম কিবরিয়ার ওপর কিল-ঘুষি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক জানান, খবর পেয়ে স্বজনরা নাঈম কিবরিয়াকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসপাতালের ট্রলির ওপর থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।