নাটোর প্রতিনিধি:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বড়াইগ্রাম মহিলা টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, বিজয় দিবসের ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।
র্যালি শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার সুফল ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, মহান বিজয় দিবস শুধু একটি উৎসবের দিন নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। এ দিবস আমাদের দেশ গঠনে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়।
অনুষ্ঠান শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও বড়াইগ্রাম মহিলা টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ মহান বিজয় দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।