বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল
নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
নাটোরের বড়াইগ্রামে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ই জানুয়ারি শুক্রবার বড়াইগ্রাম পৌর এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবহন শ্রমিক ইউনিয়ন লক্ষ্মীপুর শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন লক্ষ্মীকোল ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সানোয়ার হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর শ্রমিক দল বড়াইগ্রামের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইমারতের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইজিবাইক শ্রমিক সমিতির সাবেক সভাপতি মোঃ সুরুজ আলী, সিএনজি মালিক সমিতির সভাপতি আফসার আলী, ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনসার আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও কল্যাণ কামনা করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একটি দায়িত্বশীল ও জনগণের সরকার কাজ করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
আয়োজকরা বলেন, “আল্লাহ তাআলা মরহুমার রুহের মাগফিরাত দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।” একই সঙ্গে তারা জানান, শ্রমজীবী মানুষের অধিকার, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনাকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।