বড়াইগ্রামে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও মিছিল
নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা ও গণমিছিল আয়োজন করা হয়।
শনিবার বড়াইগ্রাম পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি শেষ হয় একটি পথসভায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম।
বক্তব্যে তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং কার্যকর সুশাসন নিশ্চিত করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। তিনি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সমর্থন জানানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মোঃ আবুল হুসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ আবু বকর সিদ্দিক এবং সহকারী সেক্রেটারি হাসানুল বান্না উজ্জ্বল। এছাড়া সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
গণমিছিল ও পথসভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে বড়াইগ্রাম পৌর এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম ও উৎসাহ লক্ষ্য করা যায়।
আয়োজকদের মতে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের আগ্রহ ও প্রত্যাশারই বহিঃপ্রকাশ।