পীরগঞ্জের রসুলপুরে ব্যবসায়ীকে দিনের আলোয় অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা।
রংপুরের পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট সংলগ্ন রসুলপুরে এক ব্যবসায়ীকে দিনের আলোয় অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১ আগস্ট দুপুরে রসুলপুর জিসান ফিলিং স্টেশনের সামনে অবস্থিত ফৌজি ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মাহফুজ আলমকে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮–১০ জন যুবক জোরপূর্বক একটি ট্রাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর কোলে থাকা শিশু সন্তানের কান্নার শব্দে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ী মাহফুজ আলম জানান, তাঁর প্রতিষ্ঠানে গাড়ির টায়ার ও অটোরিকশা (মিশুক)-এর যন্ত্রাংশ বিক্রি করা হয়। কিছুদিন আগে জুনিদপুর গ্রামের আবু মিয়া তাঁর দোকান থেকে বাকিতে কয়েকটি টায়ার নেন। পরে বকেয়া টাকা চাইতে গেলে আবু মিয়া তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
তিনি আরও জানান, ওই ঘটনার জের ধরেই ঘটনার দিন বিকেল প্রায় ৩টার দিকে একটি ট্রাকে করে ৮–১০ জন যুবক তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাঁকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। এ সময় তারা দোকানের ক্যাশবক্স থেকে নগদ কিছু টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিনের আলোয় সংঘটিত এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। অভিযুক্তদের সংখ্যাধিক্য ও আগ্রাসী আচরণের কারণে কেউ তাদের বাধা দেওয়ার সাহস পাননি। তবে ঘটনাটি অনেকেই প্রত্যক্ষ করেছেন।
এলাকাবাসীর দাবি, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনায় পুলিশ প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।