নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কোটালীপাড়ায় প্রশাসনের যৌথ পরিদর্শন
মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
গোপালগঞ্জ, ২৪ জানুয়ারি ২০২৬: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
পরিদর্শন দলে ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জে মোতায়েন সেনা ইউনিট ১৯ ই বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি।
এ সময় তারা কোটালীপাড়া উপজেলার ৬৩ নম্বর দক্ষিণ হিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরণ ইসলামিয়া মাদ্রাসা, ৮৩ নম্বর বহলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের সুবিধাসংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে যাচাই করা হয়। এ সময় গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।