নির্বাচনে বিজয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল
হাবিবুর রহমান
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তিনি আরও জানান, এবারের নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু করবে বিএনপি।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর বিমানবন্দর এলাকার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে।” তিনি উল্লেখ করেন, এবারের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন জনগণ আবার সেই অধিকার ফিরে পেয়েছে।
নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শুরু থেকেই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।
মব সহিংসতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর দেশে ‘মবোক্রেসি’ নামে একটি নতুন সংস্কৃতি গড়ে উঠেছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। এ ধরনের সহিংস রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই তিনি রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। খালেদা জিয়ার স্বপ্নের একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সুযোগকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক সংসদ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। কারণ গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না।
প্রসঙ্গত, একদিনের ব্যক্তিগত সফরে রোববার সিলেট সফর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এমএ মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৫/০১/২০২৬