আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও মাহমুদ আশিক কবির
মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ঘরে মজুদ করে রাখা পেঁয়াজ ও পাটসহ সব মালামাল পুড়ে গেছে। এতে দুই পরিবারের অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে তুষার বিশ্বাসের বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের তার ছেলে সিমান্ত বিশ্বাসের বসতঘরেও আগুন ধরে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে দুটি বসতঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মজুদ করে রাখা পেঁয়াজ ও পাটসহ অধিকাংশ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে ঘরের প্রয়োজনীয় কাগজপত্র, জমানো টাকা ও ব্যবহার্য সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।
বহুগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশিস মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে তুষার বিশ্বাসের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পাশের ঘরে থাকা তার ছেলে সিমান্ত বিশ্বাসের ঘরেও ধরে যায়। গ্রামবাসীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুটি ঘরের কোনো মালামালই বের করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবার দুটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।