নডালিয়া বীচে পর্যটনের নতুন দিগন্ত উদ্বোধন হলো “নডালিয়া বীচ ক্যাম্প–২৪
মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নয়নাভিরাম পর্যটন এলাকা বাড়বকুণ্ড নডালিয়া বীচে যুক্ত হলো নতুন আকর্ষণ। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ পর্যটন কেন্দ্র “নডালিয়া বীচ ক্যাম্প–২৪” আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় নডালিয়া, বাড়বকুণ্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ জহুরুল আলম জহুর। তিনি বলেন,
“পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা একটি এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নডালিয়া বীচ ক্যাম্প–২৪ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শেখেরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তারেক মাহমুদ রুবেল বলেন,
“প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নডালিয়া বীচে যদি আধুনিক ও নিরাপদ পর্যটন সুবিধা নিশ্চিত করা যায়, তবে এটি অচিরেই দেশি-বিদেশি পর্যটকদের জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে।”
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি লোকমান হোসেন রকিব বলেন,
“তরুণদের উদ্যোক্তা হওয়ার পথকে সুগম করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজের জন্য কর্মসংস্থান ও ব্যবসার নতুন দুয়ার খুলবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইলিয়াছ হোসাইন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছানা উল্ল্যাহ ছুট্ট, সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী মেহেদী হাসান ও মোঃ আসিফ।
উল্লেখ্য, উদ্যোক্তা সানাউল্লা ছোট্টু ও কাজী মেহেদী হাসান-এর উদ্যোগে গড়ে ওঠা নডালিয়া বীচ ক্যাম্প–২৪ এ পর্যটকদের জন্য রাখা হয়েছে আধুনিক ও নিরাপদ ভিআইপি সুবিধা। এখানে রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা, মানসম্মত আবাসন, পারিবারিক পরিবেশ, সার্বক্ষণিক নিরাপত্তা, সুপরিকল্পিত খাবার কর্নার এবং নিরিবিলি পরিবেশে সমুদ্র উপভোগের সুযোগ।
অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, নডালিয়া বীচ ক্যাম্প–২৪ সীতাকুণ্ডের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে এবং অদূর ভবিষ্যতে এটি পর্যটকদের অন্যতম পছন্দের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।