থানচিতে শিশুকে ঘিরে অভিযোগ—কিশোর আটক, এলাকায় উত্তেজনা।
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:-ক্রাইম নিউজ —
বান্দরবানের থানচিতে ৫ বছর বয়সী এক শিশুর প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয় জনতা।
রোববার (২৪ মে) দুপুরে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোরটি থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্তকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা থানা এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও প্রশাসন দ্রুত মোতায়েন করা হয়।
থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে উত্তেজিত জনতা স্থান ত্যাগ করে।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে আটক রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।