ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন
মো: রাজু মিয়া | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কার্যক্রমকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফ-উজ-জামান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম।
এছাড়াও কর্মশালায় অংশ নেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা নির্বাচন অফিসার মো. নুরু আমিন। স্থানীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেক। এতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটগ্রহণ সংক্রান্ত আইন, বিধি ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
প্রশিক্ষণে মুকসুদপুর উপজেলার ৯৬টি ভোটকেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত ১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৬১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,১১৬ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।