গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সদস্য মনোনীত হলেন সেলিমুজ্জামান সেলিম এবং কে এম বাবর
মোঃ রাজু মিয়া, (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান মোল্লা (সেলিম) এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। শিক্ষা ও উচ্চশিক্ষা খাতে তাদের সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ৪ মে ২০২৬ তারিখে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে এ মনোনয়ন কার্যকর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক নীতিমালা, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় রিজেন্ট বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন সেলিমুজ্জামান মোল্লা (সেলিম) এমপি উন্নয়নমুখী কর্মকাণ্ড এবং সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত। অন্যদিকে, ডা. কে এম বাবর এমপি চিকিৎসা ও জনসেবামূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল নবনিযুক্ত দুই সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে আরও এগিয়ে যাবে এবং জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।