গোপালগঞ্জে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: দুই বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ৬০
মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘটিত ত্রিমুখী দুর্ঘটনায় একজন নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকামুখী সুন্দরবন পরিবহনের একটি বাস সামনে থাকা জিএমএস পরিবহনের আরেকটি বাসকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে এলে মুহূর্তের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার আঘাতে দুটি বাস সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। অপরদিকে ট্রাকটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে আতঙ্ক ও চিৎকারে চারপাশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় দুই বাসের অন্তত ৬০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধার তৎপরতা শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।