গাজীপুর প্রতিনিধি :মোঃ ফরিদ হোসেন
গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন এম. মঞ্জুরুল করিম রনি। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁর হাতে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।
মনোনয়নপত্র গ্রহণের সময় এম. মঞ্জুরুল করিম রনির সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিজয়ের প্রত্যাশায় ‘ভি’ চিহ্ন প্রদর্শনের মাধ্যমে উচ্ছ্বাস ও দলীয় ঐক্যের প্রকাশ ঘটান।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এম. মঞ্জুরুল করিম রনি বলেন,
“বিএনপি আমার ওপর যে দায়িত্ব ও আস্থা রেখেছে, তা যথাযথভাবে পালন করাই আমার মূল লক্ষ্য। গাজীপুর–২ আসনের জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি নিরলসভাবে কাজ করব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
দলীয় সূত্র জানায়, গাজীপুর–২ আসন বিএনপির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় এম. মঞ্জুরুল করিম রনির প্রতি নেতাকর্মীদের আস্থা ও সমর্থন ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়ন ঘোষণার পর গাজীপুর–২ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই এলাকায় গণসংযোগ, সভা–সমাবেশ ও নির্বাচনী কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।