গাজীপুর,কাপাসিয়া,দুর্গাপুর ইউনিয়নে বিএনপির শক্তি বৃদ্ধি
আওয়ামী লীগের ৪ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।
“জামায়াতকে ভোট দিলে ভোট বিভক্ত হবে”—আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য।
গাজীপুর কাপাসিয়া প্রতিনিধি:মাসুদুর রহমান
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপিতে যোগদান করেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, বিএনপির সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি। মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তেমনি অগ্রণী ভূমিকা পালন করবে।
এ সময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা বলেন,
“আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বাস্তবতা হলো—বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীকে ভোট দিলে সেই ভোট বিভক্ত হয়ে যাবে। এতে গণতান্ত্রিক শক্তি দুর্বল হবে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।”
তারা আরও বলেন,
“দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল বিএনপির নেতৃত্বেই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। তাই আমরা সব ভেদাভেদ ভুলে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছি।”
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক গণজোয়ারে রূপ নেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের এত বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান আসন্ন রাজনীতিতে বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করবে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই যোগদানের মাধ্যমে দুর্গাপুর ইউনিয়নে বিএনপি একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং ভবিষ্যতের সকল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।