কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ৩টি মামলায় সর্বমোট ৩৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।
অভিযানকালে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০ ধারায় মোট ৩টি মামলা দায়ের করা হয় এবং মামলাগুলোতে সর্বমোট ৩৯,০০০/- (ঊনচল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন তানজিনা আফরিন, ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
প্রতিবেদন:
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি