কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
নুরুল আবছার| বান্দরবান জেলা প্রতিনিধি
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানির মাধ্যমে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে ড. হামিদুর রহমান আযাদের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান তার মনোনয়নপত্র বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত আপিল শুনানি শনিবার থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এ সময় মোট ৬৪৫টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় জমা পড়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
শনিবার নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এদিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি নেওয়া হয়।
ইসি ঘোষিত সূচি অনুযায়ী,
রোববার (১১ জানুয়ারি): ৭১ থেকে ১৪০ নম্বর আপিল
সোমবার (১২ জানুয়ারি): ১৪১ থেকে ২১০ নম্বর আপিল
মঙ্গলবার (১৩ জানুয়ারি): ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।