ঔষধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে গোপালগঞ্জে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা
মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া ও বেদগ্রাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৭ জুন ২০২৬) ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর আওতায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়। পরিদর্শনকালে আইন লঙ্ঘনের অভিযোগে চারটি পৃথক মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। আরোপিত জরিমানার সম্পূর্ণ অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।
অভিযানের মাধ্যমে ঔষধ ও কসমেটিকস পণ্যের সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাতকরণ সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কার্যক্রম পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বার্তাও দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ ঔষধ ও প্রসাধনী পণ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।