আলীকদমের পাহাড় ও সমতলে ২০ ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা, আনসার-ভিডিপিসহ মাঠে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা—
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার পাহাড় ও সমতল এলাকায় অবস্থিত ২০টি ভোটকেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলার এসব ভোটকেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর মোট ২৬০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুরুষ সদস্য ১৮০ জন এবং মহিলা সদস্যা ৮০ জন। তারা ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এর পাশাপাশি মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের সদস্যরা, ৫৭ বিজিবির সদস্যরা এবং আলীকদম থানার পুলিশ সদস্যরা যৌথভাবে টহল ও দায়িত্ব পালন করছেন। তারা ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক দহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবস্থান করছেন।
আজ সকালে আলীকদম আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন মাঠে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীর সদস্যদের করণীয়, পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মহাপরিচালকের বক্তব্যে আনসার ও ভিডিপি সদস্যদের মনোবল ও সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এতে বাহিনীর সদস্যরা আরও সুসংগঠিত ও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের সার্বিক সমন্বয়ে আনসার-ভিডিপি, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে আলীকদম উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।