অবৈধ মাছ ধরার ৩০০টি দোহার জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ৩০০টি দোহার (নিষিদ্ধ মাছ ধরার উপকরণ) জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা থেকে মুকসুদপুরে আনা এসব দোহার মুকসুদপুর থানার সামনে থেকে জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত উপকরণগুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আজিজুল ইসলাম কাছে হস্তান্তর করা হয়। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম কে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় জব্দকৃত অবৈধ দোহারগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধ্বংস করা ৩০০টি দোহারের আনুমানিক বাজার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা। এসব উপকরণ দেশের প্রচলিত মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ এবং জলাশয়ে ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও মৎস্য সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। জানা গেছে,জব্দকৃত দোহারগুলোর মালিক মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মুসা নামে এক ব্যক্তি। তবে অভিযান পরিচালনার সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ভ্যানচালক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।