নাটোর সংবাদদাতা : মোঃ আলমগীর কবির
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভরতপুর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব এবং জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুরুদাসপুর ও নাটোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল হাকিম। তিনি বলেন, বড়াইগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে একটি আধুনিক কৃষি ইনস্টিটিউট স্থাপন, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা দূরীকরণে কার্যকর ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গঠন সম্ভব, এ লক্ষ্যে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবুল হোসেন, সভাপতি, তালিমুল কুরআন মসজিদ মিশন একাডেমি, নাটোর জেলা শাখা। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়াইগ্রাম উপজেলা শাখার নেতা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মোঃ আবু বক্কর সিদ্দিক, সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ হাসানুল বান্না উজ্জ্বল এবং বড়াইগ্রাম পৌর শাখার আমির মোঃ আলমাস সরদার।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’-তে ভোট দিয়ে অধ্যাপক মোঃ আব্দুল হাকিমকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন