নাটোর প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
নাটোরের বড়াইগ্রামে উজ্জ্বল শেখ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্মম নির্যাতন ও অর্থ লুটের অভিযোগে এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। গুরুতর আহত উজ্জ্বল শেখ (৪০)বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সেরা বিভাগে চিকিৎসাধীন; চিকিৎসকদের মতে তার অবস্থা সংকটাপন্ন।
শনিবার (১৪ই ডিসেম্বর) বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর বোন মনোয়ারা বেগম। আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, উজ্জ্বল শেখ একজন পরিশ্রমী কসাই ও গরু ব্যবসায়ী। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই; নিজের শ্রমেই সংসার পরিচালনা করে আসছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন গুরুতর জখমের কারণে তিনি অচেতন হয়ে পড়েন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা উজ্জ্বলের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে বনপাড়া এলাকার রাশেদুল ইসলাম প্রিন্স ও সোহেলসহ কয়েকজনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। পরিবারের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, তারা অত্যন্ত অসচ্ছল। এ ঘটনার ফলে তারা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে পরিবারটি বলেন, সত্য ঘটনা জনসমক্ষে তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাধারণ মানুষের মত, অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধ করা কঠিন হবে।