জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার হরিজন (সুইপার) সম্প্রদায়ের মানুষজন। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের দুটি সুইপার কলোনি থেকে ব্যানার ও ঝাড়ু হাতে মিছিল নিয়ে তারা ডিসি অফিসে এসে সমবেত হন।
পরে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ’ ও ‘হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্থাপন শাখার অধীনে ৭টি পদের বিপরীতে ৩৯ জন নিয়োগের লক্ষ্যে গত ১৩ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর অংশ হিসেবে গত শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং রোববার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বক্তাদের দাবি, পরিচ্ছন্নকর্মী পদের জন্য ন্যূনতম জেএসসি বা সমমানের যোগ্যতা চাওয়া হলেও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র এমনভাবে কঠিন করা হয়েছে, যাতে হরিজন সম্প্রদায়ের পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই বাদ পড়ে যায়। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্রশ্ন কঠিন করে কৌশলে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে।