মোঃ মানসুরুল হক রবিন,হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত পাঁচ জন হেভিওয়েট প্রার্থী একত্রিত হয়ে মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সভার নতুন বাজার এলাকায় এক পথসভা করেছেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই এই পাঁচজন প্রার্থী মনোনীত প্রার্থীর বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন। মনোনয়ন প্রত্যাশী ওই পাঁচ নেতা পথে নেমে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি নিজেদের দাবি পুনর্বিবেচনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মাসুদ হিলালী,২০১৮ সালে মনোনয়ন প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু,কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন,সাবেক কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শরীফুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।
হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বঞ্চিত প্রার্থীরা অবিলম্বে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, ঘোষিত প্রার্থীর মনোনয়ন দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের প্রতি অবিচার। তারা হুঁশিয়ারি দেন যে, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন।
এ সময় প্রার্থীরা প্রত্যেকেই তাদের বক্তব্যে নিজেদের যোগ্যতা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে মনোনয়ন পরিবর্তনের জন্য কেন্দ্রের প্রতি জোরালো দাবি জানান।
বার্তা প্রেরকঃ
মোঃ মানসুরুল হক রবিন
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭১১০০৯৮৮০
১০/১২/২০২৫
ছবি সংযুক্তঃ