গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু, সুবিধা পেল ১২৬ পরিবার
মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
পরিবারভিত্তিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করতে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই মূলমন্ত্রকে ধারণ করে দেশব্যাপী পরিচালিত এ কর্মসূচির আওতায় গোপালগঞ্জেও উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। কেন্দ্রীয় এ আয়োজনের সঙ্গে সংযুক্ত হয়ে দেশের ১৯টি উপজেলার পাশাপাশি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষালকান্দি গ্রামেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ঘোষালকান্দি গ্রামের ১২৬টি পরিবারের প্রতিনিধির হাতে ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবারের সামগ্রিক তথ্য একটি একক প্ল্যাটফর্মে সংরক্ষণের মাধ্যমে সরকারি সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
গোপালগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরসমূহের প্রধান, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা আরও সুসংহত হবে। পাশাপাশি প্রকৃত উপকারভোগী নির্বাচন, সরকারি সেবার সমন্বয় এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় পরিবারকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার এ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।