
মো: রাজু মিয়া | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রশাসনিক কার্যক্রমে গতি সঞ্চার, সরকারি সেবার মান উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান মুকসুদপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক সার্বিক মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠ প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে শতভাগ হ্যালোজেন লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: লুৎফর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরুল আমিন, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: তুষার আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকিবুল হাসান এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান, সরকারি মুকসুদপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কবির উদ্দিন আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাহবুব হাসান বাবর, জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক এনামুল হাসান এবং মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রার্থীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার দাবি জানান। জবাবে জেলা প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনকে ঘিরে আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা হবে।