ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।
(শরীয়তপুর প্রতিনিধিঃ)
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর মহিষার গ্রামে ( ১৮ জুলাই) শ্রীপর্ণা দাস (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন ও অশালীন আচরণের অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
পরিবারের অভিযোগ, প্রতিবেশী মাধব মণ্ডল (৫৫), তার স্ত্রী লক্ষ্মী মণ্ডল, দীর্ঘদিন ধরে শ্রীপর্ণা দাসকে বিভিন্ন সময় অশালীন কথাবার্তা বলে মানসিকভাবে হয়রানি ও নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে শ্রীপর্ণার বাবা পলাশ দাস প্রতিবাদ করলে দুই পরিবারের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।নিহতের পরিবারের দাবি, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্তদের লোকজন আবারও এসে শ্রীপর্ণাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও মানসিক নির্যাতন করে।
পরে মানসিকভাবে ভেঙে পড়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
এই ঘটনার ৯ দিন পার হলেও অভিযুক্তদের কাউকেই আইনের আওতায় আনা হয়নি, হতাশায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
শ্রীপর্ণার পরিবার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।