বাসন থানার বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার
আদালতে প্রেরণ করেছে পুলিশ
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের বাসন থানা পুলিশ ১২ মে ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের চেষ্টা মামলার নামীয় আসামি সুমন চন্দ্র পোদ্দার (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। তিনি চাঁদপুর সদর উপজেলার চিলদিয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে বাসন থানার সুলতানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এছাড়া দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন ও কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত মোঃ মান্নান মিয়া (২৩)কে গ্রেফতার করা হয়। তার বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি বাসন থানার নলজানী এলাকায় গ্রেটওয়াল সিটিতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি সুইলি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তার ঠিকানা গাজীপুরের বাসন ও জয়দেবপুর এলাকার চন্দনা নগরী রোড সংলগ্ন এলাকায় বলে জানা গেছে।
এদিকে জিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—
মোঃ সাইফুল ইসলাম, যার স্থায়ী ঠিকানা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ফুলকার চর গ্রামে এবং বর্তমানে বাসনের দিঘিরচালা এলাকায় বসবাসরত;
মোঃ রিপন (৩৯), নলজানী এলাকার গ্রেটওয়াল সিটির মেম্বার বাড়ির বাসিন্দা;
এবং মোঃ আব্দুল খালেক, যার বাড়ি বাসন থানার ইসলামপুর এলাকায়।
বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।