
নাটোর সংবাদদাতা: মোঃ আলমগীর কবির
মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বড়াইগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম, নাটোরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অসামান্য আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীনতা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অতিথিরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল জান্নাত ফেরদৌস, উপজেলা প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা কমান্ডার আশরাফ আলীসহ অত্র এলাকার গণমাধ্যমকর্মী ও সকল বীর মুক্তিযোদ্ধারা।