পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১জন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার
------------------------------------------
মোঃ বাবলা মোল্লা ঈশ্বরদী, পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার হয়েছে। সোমবার (২০ জুলাই) এদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র পরিদর্শক মো: আব্দুর রহিম এর নেতৃত্বে ঈশ্বরদী থানাধীন চর সাহাপুর গ্রামের মোছা: রেহেনা খাতুনের (৫৫) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে রেহেনা খাতুনের বসতঘর হতে ২শ ৪০গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেহেনা খাতুন (৫৫) ঈশ্বরদী থানার চর সাহাপুর গ্রামের মৃত নজরুল ইসলাম এর স্ত্রী। দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের অভিযান টীমের হাতে গ্রেপ্তার হলো। এ ঘটনায় ডিএনসি’র পরিদর্শক মো: আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
এছাড়াও, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো: দিদারুল ইসলাম ও ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার রামানন্দপুর, লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মুনসিদপুর ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে ৫জন মাদকসেবীকে আটক করে ডিএনসি'র পাবনা টিম।
এ অভিযানে আটক ব্যক্তিরা হলো: পাবনা সদর থানার রামানন্দপুর গ্রামের নাছিম আলীর ছেলে মো: মহিদুল ইসলাম (৪৫), আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের বাদল আলীর ছেলে মো: ভুট্টু খান (৩৫), ঈশ্বরদী থানার শেরশাহ রোড়ের তোফাজ্জল কাজীর ছেলে মো: বাবু (৬০), একই থানার দাশুরিয়া গ্রামের অনি প্রামাণিকের ছেলে মো: লোকমান (৫৫) ও মুনসীদপুর গ্রামের শামীম প্রামাণিকের ছেলে মো: শিশির আহমেদ (২০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক মো: আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদণ্ডের সাজা দেয়ার পর সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল
মান্নাফ কবীর। তিনি আরও জানান, জুলাই ২০২৬ মাসে অদ্যবধি মোট ৭৩ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে এবং মাদকবিরোধী এসকল অভিযান অব্যাহত থাকবে
মোঃ বাবলা মোল্লা
তারিখ ২১/৭/২৬